২৮ এপ্রিল ২০২৬

আড়াল থেকে আলোয় অমিত হাসান, কে এই ক্রিকেটার?

নিজস্ব প্রতিবেদক
২৮ এপ্রিল ২০২৬, ১৬:৪৫
অমিত হাসান সংগৃহীত

দীর্ঘদিন ধরেই টেস্ট দলে জায়গা পাওয়ার দাবিদার ছিলেন অমিত হাসান। প্রথম শ্রেণির ক্রিকেটে প্রায় ৫০ গড় নিয়ে নিয়মিত পারফরম্যান্স করে আসা এই ব্যাটসম্যান অবশেষে পেয়েছেন জাতীয় দলে ডাক। পাকিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজের প্রথম টেস্টের স্কোয়াডে জায়গা করে নিয়েছেন তিনি।

নারায়ণগঞ্জের ছেলে অমিতের ক্রিকেটযাত্রা সহজ ছিল না। রাজিন সালেহর পরামর্শে জাতীয় ক্রিকেট লিগে সিলেট বিভাগের হয়ে খেলতে শুরু করেন তিনি। টি-টোয়েন্টির যুগে প্রথম শ্রেণির ক্রিকেটের প্রতি আগ্রহ কম থাকায় তাঁর মতো পারফরমাররা অনেক সময় আড়ালেই থেকে যান। তবে ধারাবাহিক রান করে অবশেষে নির্বাচকদের নজর কাড়তে সক্ষম হয়েছেন অমিত।

২০১৯ সালে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পর থেকে নিয়মিত রান করে যাচ্ছেন তিনি। ৪৯ ম্যাচে প্রায় ৫০ গড়ে রান করার পাশাপাশি করেছেন ১১টি সেঞ্চুরি। এমন পারফরম্যান্সের পর তাকে জাতীয় দলে নেওয়া একপ্রকার অনিবার্য হয়ে পড়ে।

ডাক পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে অমিত বলেন, জাতীয় দলে খেলার স্বপ্ন সব খেলোয়াড়েরই থাকে। সুযোগ পেয়ে তিনি আনন্দিত। ইতোমধ্যেই বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় ভাসছেন তিনি।

ঘরোয়া ক্রিকেটেই নিজের জায়গা শক্ত করেছেন অমিত। গত এক দশকে জাতীয় ক্রিকেট লিগে এক মৌসুমে ৭০০–এর বেশি রান করা দুই ব্যাটসম্যানের একজন তিনি। করেছেন ডাবল সেঞ্চুরিও। সম্প্রতি বিসিএলে পূর্বাঞ্চলের হয়ে ১৬২ রানের ম্যাচজয়ী ইনিংস খেলেছেন।

জাতীয় দলে ডাক পেতে দেরি হলেও কখনো হতাশ হননি অমিত। তাঁর বিশ্বাস ছিল, ধারাবাহিক পারফরম্যান্সই একদিন তাকে এই জায়গায় নিয়ে আসবে। বয়স মাত্র ২৪, সামনে পড়ে আছে দীর্ঘ পথ। প্রথম শ্রেণির ক্রিকেটে অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জাতীয় দলেও সফল হতে চান তিনি।

ছোটবেলায় রাহুল দ্রাবিড়কে অনুসরণ করলেও তাঁর প্রিয় ব্যাটসম্যান বাংলাদেশের মুশফিকুর রহিম। মুশফিকের শৃঙ্খলা ও জীবনযাপন তাঁকে অনুপ্রাণিত করে।
কঠিন পথ পাড়ি দিয়েই জাতীয় দলে জায়গা পেয়েছেন অমিত। এখন বড় মঞ্চে নিজের সামর্থ্য প্রমাণের অপেক্ষা। তাঁর প্রত্যাশা, ভালো সময়ের মতো কঠিন সময়েও যেন পাশে থাকে সবাই।