২৮ এপ্রিল ২০২৬

বাংলাদেশ–নিউজিল্যান্ড ম্যাচে এক বলে হলো ১৭ রান, কীভাবে সম্ভব?

নিজস্ব প্রতিবেদক
২৭ এপ্রিল ২০২৬, ২২:০৪
বাংলাদেশ ও নিউজিল্যান্ড ম্যাচে দেখা গেল এক বিরল ও অবিশ্বাস্য দৃশ্য বিসিবি

বাংলাদেশ ও নিউজিল্যান্ড ম্যাচে দেখা গেল এক বিরল ও অবিশ্বাস্য দৃশ্য—এক বলেই ১৭ রান! এটা কীভাবে? ১ বলে ১৭ রানের নাটকীয় মুহূর্তে বদলে যায় ম্যাচের চিত্র, শেষ পর্যন্ত ৬ উইকেটের দাপুটে জয় তুলে নেয় বাংলাদেশ। 

ম্যাচের আসল নাটক জমে ওঠে ১৭তম ওভারের শেষ বলে। নিউজিল্যান্ডের বোলার ম্যাথু ফিশারের করা ডেলিভারিটি ছিল ওভারপিচড, সেটিকে ফ্লিক করে বাউন্ডারিতে পাঠান শামীম। তবে বলটি নো বল হওয়ায় আসে ফ্রি হিট।
এরপরই শুরু হয় একের পর এক নাটক। 

ফিশারের ফ্রি হিটের প্রথম বলটি হয় ওয়াইড। পরের চেষ্টায় ফিশার একটি বিমার করেন, সেটিকেও বাউন্ডারিতে পাঠান শামীম। কোমরের ওপর হওয়ায় সেটিও নো বল হিসেবে ঘোষণা করা হয়, ফলে আবার ফ্রি হিট।

তৃতীয় চেষ্টায়ও রক্ষা পাননি ফিশার। এবার ওভারপিচড বলটিকে কাউ কর্নারের ওপর দিয়ে দৃষ্টিনন্দন ছক্কা হাঁকান শামীম।

একটি বৈধ বল করতে গিয়ে ফিশারকে করতে হয় মোট চারটি ডেলিভারি। চার বলে আসে দুইটি চার, একটি ছক্কা, সঙ্গে দুইটি নো বল ও একটি ওয়াইড। সব মিলিয়ে এক বলেই যোগ হয় ১৭ রান, এটি ম্যাচের গতিপথ পুরোপুরি বদলে দেয়।

অবিশ্বাস্য ওভারেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় বাংলাদেশ, আর শেষ পর্যন্ত সহজেই জয় নিশ্চিত করে স্বাগতিকরা।