২৮ এপ্রিল ২০২৬

বাজবলের আদলে কি বদলাবে টাইগারদের টেস্ট ক্রিকেট?

নিজস্ব প্রতিবেদক
২৭ এপ্রিল ২০২৬, ২১:০২
বাজবলের আদলে কি বদলাবে টাইগারদের টেস্ট ক্রিকেট? সংগৃহীত

ম্যাচের পরিস্থিতি যেমনই হোক, লক্ষ্য আক্রমণাত্মক ক্রিকেট। শরীরী ভাষায় কোনো দ্বিধা বা পিছু হটার ইঙ্গিত নেই। ব্যাট হাতে নির্ভীক ও মারমুখী মনোভাব, বোলিং ও ফিল্ডিংয়ে তীব্র আগ্রাসন। আধুনিক টেস্ট ক্রিকেটে নতুন দৃষ্টিভঙ্গিই এখন ‘বাজবল’ নামে পরিচিত। 

টেস্ট ক্রিকেটে আক্রমণাত্মক ব্যাটিংয়ের নতুন ধারা ‘বাজবল’ চালু করে ইংল্যান্ড। প্রতিপক্ষের বোলারদের ভয় না পেয়ে দ্রুত রান তোলাই এই কৌশলের মূল বৈশিষ্ট্য। অস্ট্রেলিয়া ও ভারতের মতো দলগুলোও মাঝে মাঝে এমন আক্রমণাত্মক ব্যাটিং করে থাকে। তবে বাংলাদেশের জন্য এই ধরণ এখনো পুরোপুরি বাস্তবতায় রূপ নেয়নি।

কিছুদিন পরই নিজেদের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজকে সামনে রেখে ইতোমধ্যেই পরিকল্পনা শুরু করেছে দল। প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, পুরোপুরি বাজবল না খেললেও ব্যাটিংয়ে কিছু পরিবর্তন দেখা যেতে পারে।

তিনি বলেন, দলের বোলিং বিভাগ এখন অনেক শক্তিশালী। বোলাররা নিয়মিত ২০ উইকেট নেওয়ার সক্ষমতা অর্জন করেছে। তাই এখন মূল চ্যালেঞ্জ ব্যাটিংয়ে ধারাবাহিকতা আনা। ব্যাটিংয়ে উন্নতি করতে পারলে টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো করার সুযোগ রয়েছে বলেও মনে করেন তিনি।

পাকিস্তান সিরিজের দলে জায়গা পেয়েছেন তানজিদ হাসান তামিম, যিনি স্বভাবতই আক্রমণাত্মক ব্যাটার। তাকে দলে নেওয়া হয়েছে পরিকল্পনার অংশ হিসেবেই। তবে কেমন ব্যাটিং করা হবে, তা নির্ভর করবে পরিস্থিতি ও দলের সামর্থ্যের ওপর।

হাবিবুল বাশার সুমন বলেন, আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চাইলে সেই ধরনের খেলোয়াড়ও প্রয়োজন। তাই প্রয়োজন অনুযায়ী কখন রক্ষণাত্মক, আর কখন আক্রমণাত্মক ব্যাটিং করা হবে—এ সিদ্ধান্তই নেবে দল।

পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে বাংলাদেশের ব্যাটিংয়ে নতুন ভাবনারই ইঙ্গিত মিলছে এখন। পুরোপুরি বাজবল না হলেও নিজেদের সামর্থ্য অনুযায়ী ভিন্ন কৌশল দেখা যেতে পারে।