২০১৬ সালে ব্রাজিলের রিও অলিম্পিকে স্বর্ণপদক জেতা রাশিয়ান জিমন্যাস্ট মার্গারিতা মামুন ফের বাংলাদেশে এসেছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) ঢাকায় এসেছেন মূলত তার প্রয়াত বাবা আব্দুল্লাহ আল মামুনের স্মৃতিবিজড়িত জায়গা রাজশাহীসহ অন্য সব কিছু দেখার জন্য। এছাড়া বিকালে ঘুরে গেছেন জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেশিয়ামে। সেখানে সময় কাটিয়েছেন ক্ষুদে জিমন্যাস্টদের সঙ্গে।
পাঁচ বছর আগেও মার্গারিতা বাংলাদেশে এসেছিলেন। এবারের আসাটা ব্যক্তিগত। রাজশাহীর দুর্গাপুরে জন্ম নেওয়া তার বাবা ১৯৮৩ সালে সোভিয়েত ইউনিয়নে পাড়ি জমান। ২০১৬ সালের আগস্টে রিও অলিম্পিকে মেয়ের স্বর্ণজয়ের মাত্র ছয় দিন পরই ৫২ বছর বয়সে ক্যান্সারে মারা যান তিনি।
একজন রুশ সাংবাদিক সহকর্মীকে সঙ্গে নিয়ে মার্গারিতা এবার বাংলাদেশকে নিজের মতো করে দেখার সিদ্ধান্ত নিয়েছেন। সেই সাংবাদিক বাংলাদেশে এসে একটি প্রামাণ্যচিত্র ধারণ করছেন।
জাতীয় ক্রীড়া পরিষদে ঘুরে মার্গারিতা স্মৃতিচারণ করে বলেন, “চার বছর আগে আমার প্রথম সফরটি ছিল কূটনৈতিক ধরনের। আমাকে সাংবাদিক, কর্মকর্তা ও খেলোয়াড়দের সঙ্গে দেখা করতে হয়েছিল। কিন্তু, এবার আমি এসেছি সাধারণ মানুষের সঙ্গে দেখা করতে, সংস্কৃতি জানতে এবং রাজশাহী ঘুরে দেখতে। এত বছর পর আমি এই সুন্দর দেশটিকে, আমার দ্বিতীয় মাতৃভূমিকে আসলভাবে জানতে চাই।”
তিনি পহেলা বৈশাখ পর্যন্ত বাংলাদেশে থাকার পরিকল্পনা করেছেন এবং শৈশবে বাবার কাছ থেকে শোনা ঐতিহ্যগুলো নিজের চোখে দেখার ইচ্ছা পোষণ করেছেন।
খুদে জিমন্যাস্টদের সঙ্গে দেখা করে মার্গারিতা বলেন, “প্রথমত, আমি এখানে তাদের অনুপ্রাণিত করতে ও সমর্থন দিতে এসেছি। বাংলাদেশে এখন শুধুমাত্র আর্টিস্টিক জিমন্যাস্টিকস আছে। কিন্তু, রিদমিক জিমন্যাস্টিকস যেখানে রিবন, বল, হুপ ও ক্লাব ব্যবহৃত হয় এখনও ফেডারেল পর্যায়ে নেই। এটি আমাদের এখানে গড়ে তুলতে হবে।”