বিস্ময়কর ক্রিকেটার বৈভব সূর্যবংশী যেন মাঠে নামেন রেকর্ড গড়ার জন্য। মঙ্গলবার (৭ এপ্রিল) মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচে ফের দারুণ ব্যাটিং করে আলোচনায় এসেছেন ১৫ বছর বয়সী ওপেনার বৈভব।
ম্যাচের শুরুতেই রাজস্থান রয়্যালসের ব্যাটার বৈভবের আত্মবিশ্বাস ছিল চোখে পড়ার মতো। বিশ্বের সেরা পেসারদের একজন জাসপ্রিত বুমরাহর প্রথম বলেই ছক্কা হাঁকান তিনি। তারপর পুরো ইনিংস জুড়েই খেলেছেন আক্রমণাত্মক ক্রিকেট।
মাত্র ১৪ বলে ৩৯ রানের ঝড়ো ইনিংস খেলেন বৈভব, যেখানে ছিল পাঁচটি বিশাল ছক্কা। বুমরাহর এক ওভারেই দুটি ছক্কা মারেন তিনি। অল্পের জন্য ফিফটি না পেলেও গড়েছেন গুরুত্বপূর্ণ একটি রেকর্ড।
আইপিএলে এখনও পর্যন্ত ৩৫টি ছক্কা মেরেছেন তিনি। আইপিএলের ইতিহাসে ২০ বছরের কম বয়সে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড এখন তার। এত দিন এই রেকর্ড ছিল পান্ত ও ঈশানের দখলে। ২০ বছরের কম বয়সে এই দুই ব্যাটার ৩০টি করে ছক্কা মেরেছিলেন।
২০১৬ থেকে ২০১৮ সালের মধ্যে গুজরাট লায়ন্স ও মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ৩০টি ছক্কা মেরেছিলেন ঈশান। ২০১৬-১৭ সালে দিল্লি ক্যাপিটালসের হয়ে পান্ত মেরেছিলেন ৩০ ছক্কা। তারপর রয়েছেন সাঞ্জু স্যামসন। ২০১৩-১৪ সালে রাজস্থান রয়্যালসের হয়ে ২২টি ছক্কা মেরেছিলেন তিনি। ২০১৮-১৯ সালে দিল্লির হয়ে ১৯টি ছক্কা মেরেছিলেন পৃথ্বী শ।
২০ বছর হতে এখনও অনেক সময় বাকি বৈভবের। ২০৩১ সালের ২৭ মার্চ তার বয়স ২০ বছর হবে। অর্থাৎ, তার আগে আইপিএলের আরও চারটি মৌসুম পাবেন তিনি। ততদিনে রেকর্ড কোথায় নিয়ে যাবেন, এ কথা বৈভব ছাড়া আর কে জানেন!
ভারতের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রবিচন্দ্রন অশ্বিন এখনই নাকি সূর্যবংশীকে প্রশংসা করার ভাষা খুঁজে পাচ্ছেন না। এক্সে তিনি লিখেছেন, ‘আমরা এমন সময় থেকে খুব বেশি দূরে নেই, যখন এই ১৫ বছর বয়সী বিস্ময় বালকের ব্যাটিং দেখার জন্য দর্শকেরা মাঠে ভিড় জমাবেন। ওর প্রশংসা করার মতো বিশেষণ যেন ফুরিয়ে আসছে!’