০৫ এপ্রিল ২০২৬

জাতীয় দলে স্পিন কোচ হলেন মোহাম্মদ রফিক

নিজস্ব প্রতিবেদক
০৪ এপ্রিল ২০২৬, ২২:৫৩
মোহাম্মাদ রফিক সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেটের সাবেক তারকা মোহাম্মদ রফিক এবার জাতীয় দলের কোচিং স্টাফে যুক্ত হলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) তাঁকে এক বছরের জন্য বিশেষজ্ঞ স্পিন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে।  

শনিবার (৪ এপ্রিল) বিসিবির বোর্ড সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম।  

জাতীয় দলের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে দারুণ খুশি রফিক। তিনি জানান, এটি তাঁর অনেক দিনের ইচ্ছা ছিল। তিনি বলেন, এই দায়িত্বটি তাঁর জন্য বিশেষ এবং তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন কাজটি ভালোভাবে করার।

বিসিবি জানিয়েছে, দেশে পেস বোলিং কোচের সংখ্যা তুলনামূলক বেশি হলেও স্পিন কোচের অভাব রয়েছে। সেই ঘাটতি পূরণ করতেই রফিককে নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে আরও স্পিন কোচ তৈরি করার পরিকল্পনাও রয়েছে বোর্ডের।

১৯৯৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া রফিক ২০০৮ পর্যন্ত জাতীয় দলে খেলেছেন। তিনি ৩৩টি টেস্টে ১০০ উইকেট এবং ১২৫টি ওয়ানডেতে ১২৫ উইকেট নিয়েছেন।