০৫ এপ্রিল ২০২৬

মার্কিন যমজ রোনান ও ডেকলানের বাংলাদেশ দলে আসার গল্প—সিনেমার চেয়েও রোমাঞ্চকর

নিজস্ব প্রতিবেদক
০৪ এপ্রিল ২০২৬, ১৭:১৫
রোনান-ডেকলান লাল-সুবজ পতাকায় লিখবেন নতুন নতুন গৌরবগাথা সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশকে শিরোপা জেতানোর পর আলোচনার কেন্দ্রে এখন সুলিভান ব্রাদার্স—রোনান ও ডেকলান। পুরো টুর্নামেন্টে নিয়মিত একাদশে খেলেছেন রোনান সুলিভান, আর ডেকলান সুলিভান সুযোগ পেয়েছেন দুটি ম্যাচে, সেটাও বদলি হিসেবে। তবে অল্প সময়েই দুজনই বুঝিয়ে দিয়েছেন বাংলাদেশ ফুটবলের ভবিষ্যতের বড় সম্পদ হতে যাচ্ছেন তাঁরা।

ফাইনালে ভারতের বিপক্ষে টাইব্রেকারে রোনানের ‘পানেনকা’ শটের গোল যেন সবার মনে গেঁথে গেছে। সেই গোলের পর তাঁর উচ্ছ্বাসে ভেসেছে পুরো গ্যালারি। কিশোর ফুটবলপ্রেমীদের কাছে তিনি এখন নতুন এক নায়ক।

তাঁদের সাফল্যের গল্পটা যেন সিনেমাকেও হার মানায়। মাত্র দুই মাস আগেও কেউ ভাবেনি, যুক্তরাষ্ট্রে বেড়ে ওঠা এই দুই ভাই বাংলাদেশের হয়ে খেলবেন। পুরো ঘটনাটির শুরু একটি ভিডিও থেকে। মেজর লিগ সকারের ক্লাব ফিলাডেলফিয়া ইউনিয়নের একটি ভিডিওতে নিজের শিকড় নিয়ে কথা বলেন তাঁদের বড় ভাই কুইন সুলিভান। সেখানেই উঠে আসে তাঁদের বাংলাদেশি বংশোদ্ভূত হওয়ার তথ্য।

ফিলাডেলফিয়ার ওই ভিডিওতে দেখা যায়, একটি রেস্তোরাঁয় খেতে খেতে নিজের শিকড় নিয়ে কথা বলছিলেন কুইন। তিনি জানান, তাঁর নানির জন্ম বাংলাদেশে। পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায়, কুইনের নানির নাম সুলতানা আলম। ঢাকার এই মেয়ে মুক্তিযোদ্ধা ছিলেন। অনেক আগেই উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান সুলতানা। সেখানকার ইউনিভার্সিটি অব পেনসিলভানিয়া থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। একই ইউনিভার্সিটির জার্মান অধ্যাপক ক্লাউস ক্রিপেনডর্ফকে বিয়ে করেন যুক্তরাষ্ট্রেই থেকে যান সুলতানা।

ক্রিপেনডর্ফ-সুলতানা দম্পতির মেয়ের ঘরের চার ছেলে কুইন, কাভান, রোনান ও ডেকলান যুক্তরাষ্ট্র ফুটবলে নিজেদের অবস্থান করে নিয়েছেন। কুইন এবং কাভান খেলে যাচ্ছেন যুক্তরাষ্ট্র ফুটবলে। তাঁদের দুজনের পথ না হেঁটে বাংলাদেশ যুব দলে নাম লিখিয়েছেন রোনান এবং ডেকলান। 

কুইনের ওই ভিডিও দেখার পর ‘সেভ বাংলাদেশ ফুটবল’ নামের একটি অনলাইন পেজ থেকে তাঁদের নানি সুলতানার সঙ্গে যোগাযোগ করে। এরপর রোনান এবং ডেকলানের সঙ্গে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) যোগাযোগ শুরু হয়। বাকি গল্পটা তো সবারই জানা।

ফুটবল যেন সুলিভান পরিবারের রক্ত মিশে থাকা এক নাম। তাঁদের বাবা ব্রেন্ডন সুলিভান অস্ট্রেলিয়া ‘এ’ লিগে খেলেছেন। ইউনিভার্সিটি অফ পেনসিলভানিয়ার হয়ে খেলার অভিজ্ঞতাও আছে ব্রেন্ডনের। ফুটবল ছেড়ে পরবর্তীতে কোচের ভূমিকায় দেখা যায় তাঁকে। মা হেইকে ডিভিশন ওয়ান পর্যায়ে ফুটবল খেলেছেন এবং একই বিশ্ববিদ্যালয়ের নারী দলের নেতৃত্ব দিয়েছেন। 

সুলিভান ব্রাদার্সের চাচাতো ভাই ক্রিস অলব্রাইট যুক্তরাষ্ট্র জাতীয় দলের প্রতিনিধিত্ব করেছেন। এ ছাড়া কুইনের মতো ফিলাডেলফিয়া হয়ে মাঠ মাতিয়েছেন অলব্রাইট।

রোনান-ডেকলান লাল-সুবজ পতাকায় লিখবেন নতুন নতুন গৌরবগাথা, অনূর্ধ্ব-২০ সাফে চ্যাম্পিয়ন হওয়ার পর যুক্তরাষ্ট্রপ্রবাসী দুই ফুটবলারকে নিয়ে সে স্বপ্নই দেখছে বাংলাদেশ।