২০ জুন ২০২৬

স্কটল্যান্ড ম্যাচেই ফিরছেন নেইমার, সুখবর পেল ব্রাজিল

কিশোর ডাইজেস্ট ডেস্ক
২০ জুন ২০২৬, ১৮:৪২
নেইমার সংগৃহীত

হাইতির বিপক্ষে ৩-০ গোলের দারুণ জয়ের পর ব্রাজিল সমর্থকদের জন্য এলো আরও বড় সুখবর। দীর্ঘদিনের চোট কাটিয়ে অবশেষে মাঠে ফিরতে যাচ্ছেন দলের সবচেয়ে বড় তারকা নেইমার। আগামী বুধবার (২৪ জুন) গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে তাঁকে পাওয়া যাবে বলে জানিয়েছেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি। 

চোটের কারণে গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচে খেলতে পারেননি ৩৪ বছর বয়সী ফরোয়ার্ড নেইমার। তাঁকে ছাড়া প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল ব্রাজিল। তবে দ্বিতীয় ম্যাচে হাইতিকে ৩-০ গোলে হারিয়ে জয়ের পথে ফেরে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। 

হাইতি ম্যাচের পর সংবাদ সম্মেলনে নেইমারের ফেরার বিষয়ে ইতিবাচক বার্তা দেন আনচেলত্তি। তিনি বলেন, ‘নেইমার আগামীকাল একা অনুশীলন করবে। এরপর সোমবার দলের সঙ্গে পূর্ণাঙ্গ অনুশীলনে যোগ দেবে। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচের জন্য সে প্রস্তুত থাকবে।’

গত ১৭ মে ক্লাব ফুটবলে খেলতে গিয়ে পেশিতে চোট পান নেইমার। তাঁর ক্লাব সান্তোস জানিয়েছিল, চোটটি গুরুতর না হলেও বিশ্রামের প্রয়োজন ছিল। পরে ব্রাজিল ফুটবল কনফেডারেশন জানায়, এটি গ্রেড-২ পর্যায়ের পেশির চোট এবং সেরে উঠতে প্রায় তিন সপ্তাহ সময় লাগবে। সেই পুনর্বাসন প্রক্রিয়া সফলভাবেই শেষ করেছেন ব্রাজিলের সর্বকালের অন্যতম ফরোয়ার্ড। 

চোটের কারণে ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বেও খুব বেশি ম্যাচ খেলতে পারেননি নেইমার। তবে মাঠে নামলেই নিজের গুরুত্ব প্রমাণ করেছেন। বাছাইপর্বে মাত্র চার ম্যাচে দুটি গোল করার পাশাপাশি তিনটি গোলে সহায়তা করেছেন তিনি।

দুই ম্যাচ শেষে চার পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে ‘সি’ গ্রুপের শীর্ষে রয়েছে ব্রাজিল। সমান চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে মরক্কো। অন্যদিকে তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে স্কটল্যান্ড।

গ্রুপসেরা হয়ে নকআউট পর্বে যাওয়ার লক্ষ্য জানিয়ে আনচেলত্তি বলেন, ‘গ্রুপের শীর্ষ দল হিসেবে পরের পর্বে ওঠা খুবই গুরুত্বপূর্ণ। স্কটল্যান্ড শক্ত প্রতিপক্ষ। মরক্কোর বিপক্ষেও তারা ভালো খেলেছে। তাই আমাদের সতর্ক থাকতে হবে এবং নিজেদের খেলায় আরও উন্নতি করতে হবে।’

নেইমারের প্রত্যাবর্তনে ব্রাজিলের আক্রমণভাগ আরও শক্তিশালী হবে বলেই আশা করছেন সমর্থকরা। বিশ্বকাপের গুরুত্বপূর্ণ সময়ে দলের সবচেয়ে বড় তারকার ফেরা ব্রাজিলের জন্য নিঃসন্দেহে বড় স্বস্তির খবর।