দীর্ঘ প্রতীক্ষার অবসান হলো মোসাদ্দেক হোসেনের। প্রায় চার বছর জাতীয় দলের বাইরে থাকার পর আবারও বাংলাদেশের ওয়ানডে দলে ফিরেছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের জন্য ঘোষিত দলে জায়গা পেয়েছেন তিনি। ২০২২ সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে খেলেছিলেন মোসাদ্দেক। এরপর নানা সময়ে আলোচনায় থাকলেও জাতীয় দলে আর সুযোগ মেলেনি তাঁর।
ঘরোয়া ক্রিকেটে মোসাদ্দেক হোসেনের ধারাবাহিক পারফরম্যান্স শেষ পর্যন্ত নির্বাচকদের নজর কেড়েছে। বিশেষ করে চলতি ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন তিনি। আবাহনীর হয়ে এখন পর্যন্ত ৬ ইনিংসে ৭৭.৫০ গড়ে ৩১০ রান করেছেন মোসাদ্দেক। তাঁর স্ট্রাইক রেটও চোখে পড়ার মতো—১২৯.১৭। মিডল অর্ডারে দ্রুত রান তোলার পাশাপাশি প্রয়োজন হলে কয়েক ওভার অফস্পিন করতে পারার সামর্থ্য তাঁকে বাড়তি সুবিধা এনে দিয়েছে।
বাংলাদেশ দলের প্রধান নির্বাচক হাবিবুল বাশারও স্পষ্ট করে জানিয়েছেন, মোসাদ্দেকের বর্তমান ফর্ম এবং অলরাউন্ড দক্ষতাই তাঁকে দলে ফেরানোর অন্যতম কারণ। তিনি বলেন, মোসাদ্দেক এই মুহূর্তে খুব ভালো ব্যাটিং করছেন। ছয় নম্বরে তাঁর স্কিলটা আমাদের জন্য আরও কার্যকর হবে। তিনি অভিজ্ঞ ক্রিকেটার, জাতীয় দলে খেলার অভিজ্ঞতা আছে। প্রিমিয়ার লিগেও ভালো ফর্মে আছেন। তাঁর অলরাউন্ড সামর্থ্য আমরা কাজে লাগাতে চাই।'
মোসাদ্দেকের আন্তর্জাতিক ক্যারিয়ারও কম সমৃদ্ধ নয়। ২০১৬ সালে জাতীয় দলে অভিষেকের পর তিনি ওয়ানডে, টি-টোয়েন্টি ও টেস্ট—তিন সংস্করণেই বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। ব্যাট হাতে গুরুত্বপূর্ণ ইনিংস খেলার পাশাপাশি অফস্পিন বোলিংয়েও দলের জন্য কার্যকর অবদান রেখেছেন। বিশেষ করে সীমিত ওভারের ক্রিকেটে তিনি দীর্ঘদিন মিডল অর্ডারের নির্ভরযোগ্য সদস্য ছিলেন।
অস্ট্রেলিয়া সিরিজের জন্য ঘোষিত দলে ফিরেছেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার নুরুল হাসানও। অন্যদিকে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজের দল থেকে বাদ পড়েছেন আফিফ হোসেন ও মাহিদুল ইসলাম।
আফিফ নিউজিল্যান্ড সিরিজে একটি ম্যাচ খেলে ৪৯ বলে ২৭ রান করেছিলেন। আর মাহিদুল কোনো ম্যাচেই একাদশে সুযোগ পাননি। তাঁদের বাদ দেওয়ার বিষয়ে প্রধান নির্বাচক বলেন, মাহিদুলকে আমরা খুব বেশি সুযোগ দিতে পারিনি। আফিফও আরও কিছু সুযোগ পেতে পারতেন। তবে এই মুহূর্তে আমরা কিছু টেকনিক্যাল পরিবর্তন করেছি।
নুরুল হাসানের দলে ফেরার ব্যাখ্যা দিতে গিয়ে নির্বাচকরা জানিয়েছেন, নিচের সারিতে ব্যাটিং গভীরতা বাড়ানোর প্রয়োজন থেকেই তাঁকে বিবেচনায় নেওয়া হয়েছে। চলতি প্রিমিয়ার লিগে ৮ ইনিংসে ২৪৮ রান করেছেন এই উইকেটকিপার-ব্যাটসম্যান।
আগামী ৯ জুন মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ। একই ভেন্যুতে পরবর্তী দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১১ ও ১৪ জুন। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও মুখোমুখি হবে দুই দল।
অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে সিরিজে মোসাদ্দেকের প্রত্যাবর্তন তাই বিশেষ গুরুত্ব পাচ্ছে। জাতীয় দলে নিজের জায়গা পুনরুদ্ধারের পাশাপাশি মিডল অর্ডারে নির্ভরতার প্রতীক হয়ে ওঠার সুযোগও থাকছে তাঁর সামনে। দীর্ঘ অপেক্ষার পর পাওয়া এই সুযোগ কতটা কাজে লাগাতে পারেন, সেটিই এখন দেখার বিষয়।
অস্ট্রেলিয়া সিরিজের বাংলাদেশ দল
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, লিটন দাস, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।