ইংল্যান্ড পুরুষ ক্রিকেট দলের ফিল্ডিং কোচ কার্ল হপকিনসন বর্তমানে আইপিএলে ব্যস্ত থাকায় তাঁর অনুপস্থিতিতে বড় দায়িত্ব পেলেন সাবেক নারী ক্রিকেটার সারা টেলর। আসন্ন নিউজিল্যান্ড সিরিজে ইংল্যান্ড টেস্ট দলের ফিল্ডিং কোচ হিসেবে কাজ করবেন ৩৭ বছর বয়সী এই সাবেক উইকেটকিপার।
ইএসপিএনক্রিকইনফোর প্রতিবেদনে বলা হয়েছে, কোনো সিনিয়র পুরুষ আন্তর্জাতিক ক্রিকেট দলে সারা টেলরই সম্ভবত প্রথম নারী কোচ হিসেবে কাজ করতে যাচ্ছেন।
পুরুষ দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা টেলরের নতুন নয়। এর আগে ইংল্যান্ড লায়ন্স দলের কোচিং স্টাফে অ্যান্ড্রু ফ্লিনটফের সঙ্গে কাজ করেছেন তিনি। এছাড়া কাউন্টি দল সাসেক্স ও দ্য হান্ড্রেডের দল ম্যানচেস্টার অরিজিনালসের পুরুষ দলেও কোচিং করিয়েছেন।
২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া টেলর নারী ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা উইকেটকিপার হিসেবে পরিচিত। ১৩ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ইংল্যান্ডের হয়ে খেলেছেন ২২৬ ম্যাচ। ২০১৭ সালে ওয়ানডে বিশ্বকাপজয়ী দলেও ছিলেন তিনি।
টেলরকে জাতীয় দলে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে ইসিবির ক্রিকেট পরিচালক রব কি বলেন, আমি মনে করি, তিনি নিজের কাজের ক্ষেত্রে বিশ্বের সেরাদের একজন। তিনি অসাধারণ কাজ করেছেন এবং অ্যান্ড্রু ফ্লিনটফ ও এড বার্নির সঙ্গে দারুণভাবে কাজ করেছেন।
সর্বশেষ অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ৪-১ ব্যবধানে হারার পর ইংল্যান্ডের ফিল্ডিং নিয়ে ব্যাপক সমালোচনা হয়। পুরো সিরিজে তারা ১১টি ক্যাচ মিস করেছিল। সেই ব্যর্থতার পর ফিল্ডিং বিভাগে উন্নতির লক্ষ্যেই টেলরকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।
নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে আগামী ৪ জুন, লর্ডসে।