২৯ এপ্রিল ২০২৬

পিএসএল ফাইনালে খেলবেন নাহিদ রানা, মিলল ছাড়পত্র

নিজস্ব প্রতিবেদক
২৯ এপ্রিল ২০২৬, ১৬:৫৬
নাহিদ রানা সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে খেলবেন টাইগার পেসার নাহিদ রানা। পেশাওয়ার জালমির চেয়ারম্যান জাভেদ আফ্রিদি নিশ্চিত করেছেন, বাংলাদেশের ফাস্ট বোলারকে ফাইনালে পাচ্ছেন তারা। 

পেশাওয়ারের হয়ে ৪টি ম্যাচ খেলেছেন নাহিদ। পরে তিনি দেশে ফিরে নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলেন। ওয়ানডে সিরিজের পর তাকে আর পিএসএলে খেলার ছাড়পত্র দেওয়া হয়নি। পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজের আগে তাকে পর্যাপ্ত বিশ্রাম দেওয়া হবে বলে তখন জানানো হয়েছিল বিসিবির পক্ষ থেকে।

পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের মিরপুর টেস্ট শুরু আগামী ৮ মে। এর পাঁচ দিন আগে পিএসএল ফাইনাল। টেস্টের আগে প্রস্তুতির পর্যাপ্ত সময় দিতে তাকে পিএসএল খেলার ছাড়পত্র দেওয়া হবে না বলে তখন জানিয়েছিল বিসিবি।

পেশাওয়ারের চেয়ারম্যান জাভেদ আফ্রিদি বুধবার দুপুরে সামাজিক মাধ্যমে লিখেন, ‌‌পিএসএল ফাইনাল ম্যাচে পেশাওয়ার জালমির হয়ে নাহিদ রানাকে খেলার অনুমতি দেওয়ার জন্য ধন্যবাদ ভাই তামিম।

বিসিবি পরে সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করে তাকে অনুমতি দেওয়ার ব্যাপারটি এবং সেখানে তুলে ধরা হয় কারণ। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একটি বড় বৈশ্বিক ফ্র্যাঞ্চাইজি প্রতিযোগিতার ফাইনালে অংশগ্রহণের গুরুত্ব বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা খেলোয়াড়ের ধারাবাহিক বিকাশের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হয়। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, টিম ম্যানেজমেন্ট এবং বিসিবি মেডিকেল বিভাগ ছাড়পত্র দিয়েছে এবং নিশ্চিত করেছে যে, এই ম্যাচে তার অংশগ্রহণ তার ফিটনেস, ওয়ার্কলোড ম্যানেজমেন্ট বা জাতীয় দলের হয়ে তাকে পাওয়ার ক্ষেত্রে কোনো বিরূপ প্রভাব ফেলবে না।

বিসিবির মেডিকেল বিভাগের একটি সূত্র জানিয়েছে, তাদের সঙ্গে আলোচনা করেই নাহিদকে পিএসএল ফাইনালে খেলার অনুমতি দিয়েছে বোর্ড। কিউইদের বিপক্ষে সিরিজ শেষে ৬ দিন পূর্ণ বিশ্রামে থাকার কথা এই ফাস্ট বোলারের, যা পূরণ হয়ে যাবে এর মধ্যেই।

পিএসএল ফাইনাল ম্যাচ আগামী রবিবার। বাংলাদেশ দলের অনুশীলন সূচি অনুযায়ী, সেদিন ৬ বা ৭ ওভার বোলিং করার কথা ছিল নাহিদের। পিএসএল ফাইনাল খেললে চার ওভার পর্যন্ত বোলিং করবেন তিনি। ফাইনাল শেষে পরদিন সকালেই তিনি দেশে ফিরবেন। বাংলাদেশ দলের সেদিন এমনিতেও অনুশীলন নেই। দেশে ফিরে দিনটি বিশ্রামে কাটাবেন ২৩ বছর বয়সী ফাস্ট বোলার।

বিসিবির মেডিকেল বিভাগের সবুজ সঙ্কেতের পাশাপাশি ফাইনালের মতো ম্যাচ খেলার টেম্পারমেন্ট ও অভিজ্ঞতা অর্জনের ব্যাপারটি ভাবনায় রেখে তাকে অনুমতি দেওয়া হয়েছে।

পিএসএলে অভিষেক ম্যাচে ভালো না করলেও পরের ৩ ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে ৭ উইকেট নেন নাহিদ। গতি-বাউন্সের সঙ্গে ধারাল বোলিং দিয়ে তিনি দারুণ জনপ্রিয় হয়ে ওঠেন পাকিস্তানের ক্রিকেট আঙিনায়।