১১ মার্চ ২০২৬

শ্রীলঙ্কার নতুন কোচ গ্যারি কারস্টেন, লক্ষ্য আসন্ন ওয়ানডে বিশ্বকাপ জয়

কিশোর ডাইজেস্ট ডেস্ক
১১ মার্চ ২০২৬, ০৪:৩৬
গ্যারি কারস্টেন সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার এবং ২০১১ সালে ভারতের ওয়ানডে বিশ্বকাপ জেতানো কোচ গ্যারি কারস্টেন শ্রীলঙ্কা ক্রিকেট দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। আগামী ১৫ এপ্রিল থেকে দুই বছরের জন্য তাঁর নিয়োগ কার্যকর হবে।


সদ্য সমাপ্ত টি-টুয়েন্টি বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায়ের পর শ্রীলঙ্কা দলের প্রধান কোচের দায়িত্ব ত্যাগ করেন দেশটির কিংবদন্তি ব্যাটসম্যান সনাৎ জয়াসুরিয়া। তাঁর জায়গায় কারস্টেন দায়িত্ব গ্রহণ করবেন।


এসএলসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শ্রীলঙ্কা ক্রিকেটের হাই পারফরম্যান্স সেন্টারের কাঠামো নতুনভাবে সাজানোর অংশ হিসেবে কারস্টেনকে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রধান লক্ষ্য হবে ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া ও জিম্বাবুয়েতে অনুষ্ঠিতব্য আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপের জন্য লঙ্কান দলকে প্রস্তুত করা।


পরিকল্পনা অনুসারে বোঝা যায়, শ্রীলঙ্কার লক্ষ্য ২০২৭ সালের আসন্ন ওয়ানডে বিশ্বকাপ জয়। এ লক্ষ্যেই চ্যাম্পিয়ন কোচ কারস্টেনের নিয়োগ দেওয়া হয়েছে।


কারস্টেনের কোচিং ক্যারিয়ার দীর্ঘ ও সমৃদ্ধ। তিনি ২০১১ সালে ভারতের অধীনে ওয়ানডে বিশ্বকাপ জিতিয়েছেন। এরপর ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত নিজ দেশ দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৩ সালে তিনটি ফরম্যাটে আইসিসি র‌্যাঙ্কিংয়ে দক্ষিণ আফ্রিকা এক নম্বর স্থানে ওঠে তাঁর কোচিংয়ে।


লঙ্কান দলে যোগ দেওয়ার আগে, সর্বশেষ টি-টুয়েন্টি বিশ্বকাপে তিনি নামিবিয়া দলের পরামর্শক হিসেবে কাজ করেছেন।


খেলোয়াড় হিসেবেও কারস্টেনের রেকর্ড উল্লেখযোগ্য। ১৯৯৩ থেকে ২০০৪ সাল পর্যন্ত দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেছেন, আন্তর্জাতিক ক্রিকেটে ১৪,০৮৭ রান সংগ্রহ করেছেন। টেস্টে ২১টি, ওয়ানডেতে ১৩টি সেঞ্চুরি করেছেন তিনি।


গ্যারি কারস্টেনের অভিজ্ঞতা ও কৌশল শ্রীলঙ্কা দলকে নতুন দিকনির্দেশনা দিতে সক্ষম হবে এবং ২০২৭ সালের বিশ্বকাপে লঙ্কান ক্রিকেটের সম্ভাবনাকে শক্তিশালী করবে।