ডলফিন একটি সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী। এরা অত্যন্ত বুদ্ধিমানও বটে। শান্তিপ্রিয় প্রাণী হিসেবে আখ্যা পেলেও এদের দুর্দান্ত শিকারের দক্ষতা রয়েছে। সামুদ্রিক এই জলজ প্রাণীর কিন্তু চোখের পাতাও আছে। আর মজার ব্যাপার হলো ঘুমানোর সময় এদের এক চোখের পাতা খোলা থাকে। কিন্তু কেন?
মূলত ডলফিনের শ্বাস-প্রশ্বাস প্রক্রিয়া ঐচ্ছিক। তাই তাদের শরীরের অর্ধেক অংশ যখন ঘুমায়, তখন বাকি অর্ধেক জাগ্রত থাকে। আর এই জাগ্রত অংশই ঘুমন্ত অবস্থায় শ্বাস-প্রশ্বাস প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে ও বিপদে সতর্ক করে। গবেষণায় দেখা যায়, ডলফিনের মস্তিষ্কের ডান হেমিস্ফিয়ার সজাগ থাকলে বাম চোখ খোলা থাকে আর বাম হেমিস্ফিয়ারের বেলায় ডান চোখ। ডলফিনের এই বিচিত্র ঘুমের পদ্ধতিকে Unihemispheric Sleep বা Slow Wave Sleep বলে।

এই বৈশিষ্ট্য এমনকি তাদের ঘুমন্ত অবস্থাতেও পেশি নিয়ন্ত্রণ করে এবং হিমশীতল সমুদ্রের মাঝেও শরীরের তাপমাত্রা ঠিক রাখে। শুধু ডলফিনই নয়, আরও কিছু প্রজাতির পাখি ও অন্যান্য প্রাণী; যেমন কুমির ও তিমিও ঘুমের ক্ষেত্রে এই পদ্ধতি অবলম্বন করে, যা এদের দেহের অভ্যন্তরীণ ক্রিয়াকলাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।