০৫ জুলাই ২০২৬

নরওয়ের বিপক্ষে কি পূর্ণ সময় খেলবেন নেইমার?

নিজস্ব প্রতিবেদক
০৪ জুলাই ২০২৬, ১৯:১৮
নরওয়ের বিরুদ্ধে পুরো ৯০ মিনিট মাঠে দেখা যেতে পারে নেইমারকে সংগৃহীত

নেইমার আবার কবে পুরো ৯০ মিনিট মাঠে খেলবেন? এ প্রশ্ন এখন ব্রাজিলের সমর্থকদের মুখে মুখে। তবে এটা নিয়ে মোটেও উদ্বিগ্ন নন সেলেসাওদের প্রধান কোচ কার্লো আনচেলোত্তি। তাঁর বিশ্বাস, নেইমার থাকুন বা না থাকুন, দল ধীরে ধীরে নিজেদের সেরা ছন্দে ফিরে এসেছে। 

বিশ্বকাপের নকআউট পর্বে জাপানের বিপক্ষে পিছিয়ে পড়েও যেভাবে ঘুরে দাঁড়িয়ে জয় পেয়েছে ব্রাজিল, তাতে আনচেলোত্তির কৌশলই সবচেয়ে বেশি প্রশংসিত হয়েছে। শান্ত, ধীরস্থির এবং অভিজ্ঞ ইতালিয়ান কোচের পরিকল্পনার প্রশংসা করছেন খেলোয়াড়রাও।

এবার শেষ ষোলোয় ব্রাজিলের প্রতিপক্ষ নরওয়ে। ম্যাচটিতে পুরো ৯০ মিনিট মাঠে দেখা যেতে পারে নেইমারকে। সংবাদ সম্মেলনে আনচেলোত্তি বলেছেন, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, নেইমার এখন খেলতে প্রস্তুত। সে কতক্ষণ খেলবে, তা ম্যাচের পরিস্থিতির ওপর নির্ভর করবে। যখন মনে হবে দলের তাকে প্রয়োজন, তখনই তাকে নামানো হবে।’ পরে তিনি জানান, পুরো ম্যাচ খেলার মতো শারীরিক অবস্থায়ও আছেন তারকা ফরোয়ার্ড নেইমার।

নরওয়ের বিরুদ্ধে পুরো ৯০ মিনিট মাঠে দেখা যেতে পারে নেইমারকে। ছবি: সংগৃহীত

বিশ্বকাপের শুরুটা অবশ্য ভালো ছিল না নেইমারের জন্য। মরক্কোর বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে তিনি খেলতে পারেননি। চোটের কারণে ছিলেন না হাইতির বিপক্ষেও। শেষ পর্যন্ত স্কটল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বদলি হিসেবে শেষ ১৫ মিনিট মাঠে নেমে কয়েকটি দারুণ সুযোগ তৈরি করেন। তখনও পুরোপুরি ফিট ছিলেন না তিনি।

নেইমারকে ছাড়াই অবশ্য ব্রাজিল দারুণ ছন্দে রয়েছে। হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে টানা জয় তুলে নেওয়ার পর জাপানের বিপক্ষেও কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সেলেসাওরা। প্রথমার্ধে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে কাসেমিরো এবং যোগ করা সময়ে গ্যাব্রিয়েল মার্তিনেলির গোলে ২-১ ব্যবধানে জয় পায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচটিতে নেইমারকে বেঞ্চেই রেখেছিলেন আনচেলোত্তি।

বর্তমানে ভিনিসিয়ুস জুনিয়র, কাসেমিরো, মাতেউস কুনিয়া ও তরুণ রায়ানের পারফরম্যান্সে আক্রমণভাগে নতুন গতি এসেছে। লুকাস পাকেতা ইনজুরিতে পড়লেও তাঁর জায়গায় নেমে ভালো খেলেছেন এনদ্রিক। ফলে নেইমারের ওপর নির্ভরতা আগের তুলনায় অনেকটাই কমেছে।

এদিকে, পেশির চোট কাটিয়ে অনুশীলনে ফিরেছেন রাফিনিয়াও। দ্রুত ম্যাচ ফিটনেস ফিরে পেতে দলের বিশ্রামের দিনেও আলাদা অনুশীলন করেছেন এই উইঙ্গার। সব মিলিয়ে শেষ ষোলোর লড়াইয়ের আগে ব্রাজিল শিবিরে বিরাজ করছে স্বস্তির আবহই। এখন দেখার বিষয়, নরওয়ের বিপক্ষে নেইমার কতটা সময় মাঠে থাকেন এবং তাঁর প্রত্যাবর্তন ব্রাজিলের আক্রমণকে কতটা ধারালো করে তোলে।