০১ জুলাই ২০২৬

গোল্ডেন বুটের লড়াই জমজমাট, মেসিকে টপকে শীর্ষে এমবাপ্পে

নিজস্ব প্রতিবেদক
০১ জুলাই ২০২৬, ২০:১৫
গোল্ডেন বুটের লড়াই জমজমাট সংগৃহীত

হ্যাটট্রিক নেই, তবে জোড়া গোল আছে তাঁর। একবার নয়, তিনবার। যার ফলে বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে নতুন রোমাঞ্চ যোগ করেছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। 

গ্রুপ পর্ব শেষে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে ছিলেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক, অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল এবং জর্ডানের বিপক্ষে বদলি নেমে একটি গোল। সব মিলিয়ে তাঁর গোলসংখ্যা ছিল ছয়। 

তবে নকআউট পর্বে এসে আলো নিজের দিকে টেনে নিয়েছেন এমবাপ্পে। রাউন্ড অব ৩২-এ সুইডেনের বিপক্ষে জোড়া গোল করে শুধু ফ্রান্সকে শেষ ষোলোয় তুলেননি, গোলসংখ্যাতেও ছুঁয়ে ফেলেছেন মেসিকে। এর আগে গ্রুপ পর্বে সেনেগাল ও ইরাকের বিপক্ষেও দুটি করে গোল করেছিলেন তিনি।

এমবাপ্পে ও মেসি—দুজনেরই গোল এখন ছয়টি। তবে সমান গোল করেও তালিকার শীর্ষে রয়েছেন এমবাপ্পে। কারণ, ফিফার নিয়ম অনুযায়ী একাধিক খেলোয়াড়ের গোলসংখ্যা সমান হলে প্রথমে বিবেচনা করা হয় অ্যাসিস্ট। সেখানে এগিয়ে ফরাসি তারকা। এমবাপ্পের রয়েছে দুটি অ্যাসিস্ট, আর মেসির নেই কোনো অ্যাসিস্ট।

টুর্নামেন্টের শেষ পর্যন্ত যদি অবস্থান ধরে রাখতে পারেন, তাহলে এমবাপ্পে গড়বেন নতুন ইতিহাস। তিনি হবেন বিশ্বকাপ ইতিহাসে টানা দুই আসরে গোল্ডেন বুট জেতা প্রথম ফুটবলার। ২০২২ সালের কাতার বিশ্বকাপে আট গোল করে পুরস্কারটি জিতেছিলেন তিনি।

গোল্ডেন বুটের লড়াই এখনো অনেক বাকি। মেসির সামনে রয়েছে কেপ ভার্দের বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচ। অন্যদিকে শেষ ষোলো নিশ্চিত হওয়ায় এমবাপ্পেও অন্তত আরও একটি ম্যাচ খেলবেন। ফলে টুর্নামেন্টের বাকি পথে এই লড়াইয়ে শীর্ষস্থান আরও কয়েকবার হাতবদল হলেও অবাক হওয়ার কিছু থাকবে না।

মেসি ও এমবাপ্পের পাশাপাশি দৌড়ে আছেন আরও কয়েকজন তারকা। চার ম্যাচে পাঁচ গোল করে তৃতীয় স্থানে রয়েছেন নরওয়ের আর্লিং হলান্ড, যার পরের প্রতিপক্ষ ব্রাজিল। এমবাপ্পের সতীর্থ উসমান দেম্বেলের ঝুলিতে আছে চার গোল ও দুটি অ্যাসিস্ট। আর ব্রাজিলের ভিনিসিয়ুস জুনিয়রের নামের পাশে রয়েছে চার গোল ও একটি অ্যাসিস্ট। ফলে গোল্ডেন বুটের লড়াই শেষ পর্যন্ত কে শেষ হাসি হাসবেন, এখনই তা বলা সম্ভব নয়।