জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। ঘোষিত দলে সবচেয়ে বড় চমক অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকতের প্রত্যাবর্তন। প্রায় আড়াই বছর পর ফের জাতীয় দলের টি-টোয়েন্টি স্কোয়াডে জায়গা পেলেন তিনি।
মোসাদ্দেক সবশেষ টি-টোয়েন্টি খেলেছিলেন ২০২২ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে, অ্যাডিলেডে পাকিস্তানের বিপক্ষে। সম্প্রতি ওয়ানডে দলে সুযোগ পাওয়ার পর এবার সংক্ষিপ্ত সংস্করণের দলেও ফিরলেন এই অভিজ্ঞ অলরাউন্ডার।
চোট ও ব্যস্ত সূচির কারণে সিরিজে থাকছেন না নিয়মিত অধিনায়ক লিটন দাস। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের পর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট এবং ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও খেলতে পারেননি তিনি। দ্বিতীয় ওয়ানডেতে ফেরার সম্ভাবনা থাকলেও টি-টোয়েন্টি সিরিজে তাঁকে বিশ্রাম দিয়েছে টিম ম্যানেজমেন্ট। লিটনের অনুপস্থিতিতে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন তাওহীদ হৃদয়।
বিশ্রাম দেওয়া হয়েছে দলের অন্যতম পেসার তাসকিন আহমেদকেও। দলে জায়গা হয়নি শামীম হোসেনের। অন্যদিকে অভিজ্ঞ পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন দলে ফিরেছেন। সুযোগ পেয়েছেন ব্যাটার ইয়াসির আলীও। ওয়ানডে দলে সুযোগ পাওয়ার পর টি-টোয়েন্টিতেও জায়গা ধরে রেখেছেন তরুণ অলরাউন্ডার আব্দুল গাফফার সাকলাইন।
জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৫ জুলাই। বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৭ ও ১৯ জুলাই। সিরিজের সবগুলো ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায়।
বাংলাদেশের টি-টোয়েন্টি দল: তাওহীদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, মোহাম্মদ সাইফউদ্দিন ও আব্দুল গাফফার সাকলাইন।