২৮ জুন ২০২৬

বাংলাদেশের প্রতি ভালোবাসা জানিয়ে যা বললেন মার্তিনেস

নিজস্ব প্রতিবেদক
২৮ জুন ২০২৬, ১৬:৩৬
এমিলিয়ানো মার্তিনেস সংগৃহীত

২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়ের সবচেয়ে বড় নায়ক ছিলেন লিওনেল মেসি। সাফল্যের আরেক অবিস্মরণীয় নায়ক গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেসও। টাইব্রেকারে দুর্দান্ত সেভ, গুরুত্বপূর্ণ মুহূর্তে অসাধারণ পারফরম্যান্স আর অদম্য মানসিকতায় তিনি হয়ে উঠেছিলেন আর্জেন্টিনার বিশ্বজয়ের অন্যতম কারিগর। 

বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছেও মার্তিনেস সমান জনপ্রিয়। ২০২৩ সালে বাংলাদেশ সফরে এসে বিপুল ভালোবাসা তিনি পেয়েছিলেন, এখনও তা ভোলেননি বিশ্বকাপজয়ী গোলরক্ষক। ২০২৬ বিশ্বকাপের মঞ্চে দাঁড়িয়েও ফের প্রকাশ করলেন বাংলাদেশের প্রতি তাঁর ভালোবাসা।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানকে ৩–১ গোলে হারিয়ে নকআউট পর্ব নিশ্চিত করে আর্জেন্টিনা। ডালাস স্টেডিয়ামে ম্যাচ শেষে মাঠ ছাড়ার সময় বাংলাদেশের সাংবাদিকরা পেছন থেকে ‘বাংলাদেশ’ বলে ডাক দিতেই থেমে যান মার্তিনেস। হাসিমুখে ফিরে তাকিয়ে বলেন, ‘ও বাংলাদেশ। আমি বাংলাদেশকে পছন্দ করি।’

তারপর বাংলাদেশের সমর্থকদের উদ্দেশে কিছু বলতে অনুরোধ করা হলে তিনি বলেন, ‘আমি বাংলাদেশের ভক্তদের অনেক ভালোবাসি। আমি সেখানে গিয়েছিলাম। সত্যিই দেশটাকে ভালোবাসি।’

একজন সাংবাদিক তাঁকে বলেন, বাংলাদেশের সমর্থকেরা আবারও আর্জেন্টিনাকে বিশ্বকাপের ফাইনালে দেখতে চান। জবাবে মার্তিনেস বলেন, ‘আমি জানি তারা আমাদের কাছে কী চায়। আমি জানি আমাদের জন্য তারা কতটা পাগল। বাংলাদেশে যাওয়ার অভিজ্ঞতা আমার হয়েছে। তাদের সমর্থন খুব ভালো লাগে আমার।’

বাংলাদেশি সমর্থকদের সঙ্গে আর্জেন্টাইনদেরও মিল খুঁজে পান মার্তিনেস। তাঁর ভাষায়, ‘তারা অনেকটা আর্জেন্টাইনদের মতোই। এটাই ভালো লাগে বেশি। বাংলাদেশের জন্য আমার অনেক, অনেক ভালোবাসা।’

২০২৩ সালের বাংলাদেশ সফরে মার্তিনেস অভূতপূর্ব সংবর্ধনা পেয়েছিলেন, সেটির স্মৃতি এখনও মনে গেঁথে আছে তাঁর। বিশ্বকাপের ব্যস্ত সূচির মধ্যেও বাংলাদেশের নাম শুনে থেমে যাওয়া এবং দেশটির মানুষের প্রতি ভালোবাসা প্রকাশ করা তাঁর গভীর ভালোবাসারই উজ্জ্বল প্রমাণ।