০৩ মে ২০২৬

পিএসএলের ফাইনাল আজ, নাহিদ রানা কি চমক দেখাতে পারবেন?

নিজস্ব প্রতিবেদক
০৩ মে ২০২৬, ১৫:৩৮
নাহিদ রানা সংগৃহীত

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের মৌসুমের ফাইনাল আজ। শিরোপা নির্ধারণী ম্যাচে নবাগত হায়দরাবাদ কিংসমেনের বিপক্ষে মাঠে নামবে বাবর আজম-নাহিদ রানাদের পেশোয়ার জালমি। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। ফাইনাল ঘিরে পাকিস্তান যেমন, তেমনই বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদেরও আগ্রহও তুঙ্গে। 

পেশোয়ার জালমির ফাইনাল স্কোয়াডে নাহিদ থাকবেন, এটা নিশ্চিতই বলা যায়। মূলত ফাইনাল খেলার জন্যই বাংলাদেশের পেসারকে উড়িয়ে নিয়েছে দলটি। পিএসএলে আগেও খেলেছন নাহিদ, গতি আর বাউন্সারে সাড়াও জাগিয়েছেন। যার ফলে দর্শকশ্রোতারা আশা করছেন, ফাইনালেও চমক দেখাবেন বাংলাদেশের অন্যতম সেরা পেসার নাহিদ। 

ফাইনালে ফেভারিট পেশোয়ার জালমি। এবারের টুর্নামেন্টে হেরেছে মাত্র এক ম্যাচ। টুর্নামেন্টের সবচেয়ে ধারাবাহিক দলও তারা। প্রথম কোয়ালিফায়ারে দলটি জিতেছে ৭০ রানের বড় ব্যবধানে। এমন একটা দলের নাহিদকে কেন এত দরকার মনে হলো? 

এককথায় বললে, প্রতিপক্ষ ব্যাটসম্যানদের মধ্যে তৈরি হওয়া ‘নাহিদ–ভীতি’। নাহিদ ৪ ম্যাচ খেলে উইকেট নিয়েছেন মাত্র ৭টি। তাঁর চেয়ে বেশি উইকেট এই টুর্নামেন্টে নিয়েছেন ২৬ জন। এবারের আসরের সর্বোচ্চ উইকেটশিকারিও পেশোয়ারের স্পিনার সুফিয়ান মুকিম—২১টি। এরপরও নাহিদই পিএসএলের চলতি আসরের সবচেয়ে আলোচিত বোলার। আলোচনার কারণ উইকেটসংখ্যা নয়, গতি ও বাউন্সার। 

বর্তমানে পাকিস্তানে ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতির বোলার নেই বললেই চলে। হারিস রউফের গতি কমে গেছে অনেকটা। শাহিন আফ্রিদির গতি কমেছে তো অনেক আগেই। তরুণ কেউই খুব একটা নজর কাড়তে পারছেন না। এই টুর্নামেন্টে বেশির ভাগ ফাস্ট বোলারদের বলের গতিই ঘণ্টায় ১৩৫–৪০ কিলোমিটারের আশপাশে। সেখানে নাহিদ ধারাবাহিকভাবে বোলিং করেছেন ঘণ্টায় ১৪৫–১৫০ কিলোমিটার গতিতে। টুর্নামেন্টে সবচেয়ে বেশি ঘণ্টায় ১৫১ কিলোমিটার গতির বলটাও তিনিই করেছেন। এই বাড়তি গতিই নাহিদকে আলোচনায় এনেছে। 

সেখানকার টেলিভিশন টকশো থেকে ইউটিউব শো—সবখানেই ক্রিকেট বিশ্লেষকেরা নাহিদকে প্রশংসায় ভাসিয়েছেন। এই যেমন কামরান আকমল এক টেলিভিশন অনুষ্ঠানে বলেছিলেন, ‘নাহিদ রানা আমাদের ব্যাটসম্যানদের এক্সপোজ করে দিয়েছে। কামরানের মতো অনেকেই পাকিস্তান ক্রিকেটারদের সমালোচনা করতে গিয়ে নাহিদকে টেনেছেন। নাহিদ এবারের পিএসএলে গতির সঙ্গে বাড়তি বাউন্সটাও আদায় করেছেন। করাচি কিংসের বিপক্ষে একটি ম্যাচে তো ২০টি ডট বলও দিয়েছেন। সব মিলিয়ে নাহিদের বাড়তি গতি আর বাড়তি বাউন্স নিয়ে এবারের পিএসএলে একটা ‘ভীতি’র জায়গা তৈরি হয়েছিল। এটাকেই ফাইনালে এক্স ফ্যাক্টর হিসেবে কাজে লাগাতে চায় পেশোয়ার। 

পেশোয়ারের পেস বোলিং লাইনআপও দুর্দান্ত কিছু নয়। প্রথম কোয়ালিফায়ারে দলটির হয়ে খেলা পেসারদের নাম দেখুন—খুররম শেহজাদ, মোহাম্মদ বাসিত, অ্যারন হার্ডি। বাসিত ও হার্ডি অবশ্য ভালো বোলিং করেছেন। তবে ফাইনালে নাহিদের মতো একটা নাম যুক্ত হলে দলটির বোলিং আক্রমণ আরও শক্তিশালী হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। পুরো টুর্নামেন্টে নাহিদ ছাড়া পেশোয়ারের কোনো পেসার তেমন একটা ভালো করতে পারেননি। সর্বোচ্চ ১০ উইকেট নিয়েছেন তরুণ আলী রাজা। তিনি ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন মাত্র ৫টি। সর্বশেষ খেলেছেন গত ২৫ এপ্রিল।

পিএসএলে পেশোয়ারের চ্যাম্পিয়ন হওয়ার ক্ষুধাটাও অনেক দিনের। সেই ২০১৭ সালে সর্বশেষ চ্যাম্পিয়ন হয়েছে দলটি। এরপর ২০১৮, ২০১৯ ও ২০২১ সালে রানার্সআপ হয়েছে তারা। সর্বশেষ আসরে বাদ পড়েছিল লিগ পর্বেই। এবার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছে দলটি। আর ফাইনালে আজ সেই স্বপ্নপূরণে সবচেয়ে বড় অস্ত্রটির নামই বাংলাদেশের নাহিদ রানা।