দেশের অন্যতম বৃহৎ বিজ্ঞানভিত্তিক আয়োজন হিসেবে পরিচিত নটর ডেম বিজ্ঞান ক্লাব আয়োজন করতে যাচ্ছে নটর ডেম বার্ষিক বিজ্ঞান উৎসব ২০২৫ এবং ৩৫তম সাধারণ জ্ঞান প্রতিযোগিতা। এ উপলক্ষে গত ১৩ মার্চ থেকে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে, চলবে ৮ এপ্রিল পর্যন্ত।
আয়োজকরা জানিয়েছেন, আগামী ১৬, ১৭ ও ১৮ এপ্রিল তিন দিনব্যাপী কলেজ প্রাঙ্গণে বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হবে। দেশের ৩০০টিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিজ্ঞানপ্রেমীদের অংশগ্রহণে উৎসবটি আরও প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করছেন তারা।
উৎসবে অংশগ্রহণকারীদের জন্য থাকছে বিজ্ঞানভিত্তিক নানা প্রতিযোগিতা, প্রদর্শনী এবং শিক্ষামূলক কার্যক্রম, এটি তরুণদের বিজ্ঞানচর্চায় উৎসাহিত করবে।
এবারের আয়োজনে মোট ২৪টি ভিন্নধর্মী ইভেন্ট রাখা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—প্রজেক্ট এক্সিবিশন, ওয়াল ম্যাগাজিন, স্ক্র্যাপবুক, ফাদার টিম মেমোরিয়াল সায়েন্স অলিম্পিয়াড, থিওরেম ভল্ট, রোবো সকার, লাইন ফলোয়িং রোবট, ডিজিটাল পোস্টার সাবমিশন এবং পাবলিক কুইজ।
এছাড়া ৩৫তম সাধারণ জ্ঞান প্রতিযোগিতা-এর পাশাপাশি নটর ডেম বিজ্ঞান ক্লাবের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ আকর্ষণ হিসেবে যুক্ত করা হয়েছে নতুন ইভেন্ট ‘কোনানড্রাম প্যারাডক্স’, যা এবারের উৎসবে বাড়তি আগ্রহ যোগ করবে বলে আয়োজকদের ধারণা।
আয়োজকরা আরও জানান, প্রতিটি ইভেন্টই অংশগ্রহণকারীদের জন্য নতুন কিছু শেখার সুযোগ, প্রতিযোগিতার অভিজ্ঞতা এবং নিজেদের দক্ষতা তুলে ধরার একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করবে। উৎসব সম্পর্কে বিস্তারিত জানতে ও নিবন্ধন করতে ভিজিট করা যাবে: asf25.ndscbd.net। এছাড়া নিয়মিত আপডেট পেতে ফেসবুক ইভেন্ট পেজেও যুক্ত থাকার আহ্বান জানানো হয়েছে।