রাজধানীর বাংলামোটরের চেইন বুকশপ বাতিঘরে উপস্থিত হয়ে বইপ্রেমীদের দৃষ্টি কাড়লেন জাইমা রহমান। শনিবার দুপুর ১২টার দিকে তিনি বাতিঘরে বই কিনতে যান। প্রায় আধা ঘণ্টা সময় ধরে বই ঘেঁটে নিজের পছন্দমতো বেশ কিছু বই সংগ্রহ করেন। এ সময় তাকে ঘিরে সাধারণ পাঠকদের মধ্যেও আগ্রহ ও কৌতূহল দেখা যায়।
বাতিঘরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাশ জানান, জাইমা রহমান অন্য সাধারণ পাঠকের মতোই নিরিবিলিভাবে বই বেছে নেন। তিনি বলেন, “দুপুরের দিকে এসে তিনি কিছু সময় নিয়ে বই দেখেন এবং পছন্দ করে কয়েকটি বই কেনেন।”
জানা গেছে, তার কেনা বইয়ের তালিকায় রয়েছে বাংলা সাহিত্য ও বিশ্বসাহিত্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ রচনা। তিনি কাজী নজরুল ইসলাম, হুমায়ূন আহমেদ ও আনিসুল হকের বইয়ের পাশাপাশি গ্যাব্রিয়েল গার্সিয়া মার্কেজ, সুনীল গঙ্গোপাধ্যায়, সমরেশ মজুমদার, বেগম রোকেয়া সাখাওয়াৎ হোসেন ও নূরুল কবীরের বইও সংগ্রহ করেছেন।
এ সময় উপস্থিত অনেক পাঠক তার সঙ্গে ছবি তোলেন এবং সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় করেন। হঠাৎ এমন উপস্থিতিতে বইপ্রেমীদের মধ্যে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়।