০৫ এপ্রিল ২০২৬

জাইমাকে সঙ্গে নিয়ে সিনেমা হলে তারেক রহমান, দেখলেন ‘বনলতা এক্সপ্রেস’

নিজস্ব প্রতিবেদক
০৩ এপ্রিল ২০২৬, ২১:৩৩
তারেক রহমান ও জাইমা রহমান সংগৃহীত

ঈদে মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’ দেখতে রাজধানীর ধানমন্ডির একটি প্রেক্ষাগৃহে গেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় গুলশানের বাসা থেকে তিনি জিগাতলার সীমান্ত সম্ভার সিনেমা হলে পৌঁছান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। 

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, সুস্থ ধারার চলচ্চিত্র ও সংস্কৃতিকে উৎসাহিত করতেই প্রধানমন্ত্রী হলে গিয়ে সিনেমাটি দেখেছেন। এর মাধ্যমে নির্মাতা ও অভিনয়শিল্পীরা আরও অনুপ্রাণিত হবেন বলেও আশা প্রকাশ করা হয়।

তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ এবারের ঈদে দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। প্রখ্যাত লেখক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, আজমেরী হক বাঁধন, জাকিয়া বারী মম, ইন্তেখাব দিনার, শ্যামল মাওলা, সাবিলা নূর, শরীফুল রাজ, লাবণ্য চৌধুরী ও শামীমা নাজনীন।

ব্যস্ত সময়সূচির মাঝেও পরিবারের সঙ্গে সিনেমা দেখতে যাওয়ায় বিষয়টি নিয়ে দর্শকদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, এর মাধ্যমে দেশীয় চলচ্চিত্রের প্রতি মানুষের আগ্রহ আরও বাড়বে।