০২ এপ্রিল ২০২৬

বিয়ে নয়, বাগ্‌দান—পরিষ্কার করলেন লুবাবা

কিশোর ডাইজেস্ট ডেস্ক
০১ এপ্রিল ২০২৬, ২১:৪৯
সিমরিন লুবাবা সংগৃহীত

আলোচিত মডেল, কনটেন্ট ক্রিয়েটর ও অভিনয়শিল্পী সিমরিন লুবাবা জানিয়েছেন, তিনি এখনো বিয়ে করেননি; তবে বাগ্‌দান সম্পন্ন হয়েছে।

সম্প্রতি তাঁর একটি ফেসবুক পোস্টকে ঘিরে বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। এ নিয়ে আলোচনা শুরু হলে আজ রাতে আরেকটি পোস্ট দিয়ে বিষয়টি পরিষ্কার করেন লুবাবা।

বাগ্‌দত্তার সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী ঘরোয়া পরিবেশে তাদের বাগ্‌দান হয়েছে। তবে ছবিটি পেছন থেকে তোলা হওয়ায় তাঁর বাগ্‌দত্তার পরিচয় জানা যায়নি, আর সেটি প্রকাশও করেননি তিনি।

এদিকে, বয়স সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা চলছে। কেউ কেউ বলছেন, লুবাবার বয়স এখনো ১৮ হয়নি। বাংলাদেশের আইনে নির্ধারিত বয়সের আগে বিয়ে হলে তা বাল্যবিবাহ হিসেবে গণ্য হয়।

এ প্রসঙ্গে লুবাবা স্পষ্ট করে জানিয়েছেন, তিনি এখনো বিয়ে করেননি। নির্ধারিত বয়স পূর্ণ হলে আইন অনুযায়ী বিয়ে সম্পন্ন হবে বলে জানিয়েছেন তিনি এবং সবার কাছে দোয়া চেয়েছেন।

শৈশব থেকেই মিডিয়ায় পরিচিত মুখ লুবাবা। প্রয়াত অভিনেতা আবদুল কাদেরের নাতনি হিসেবে ছোট বয়সেই অভিনয়ে আসেন এবং শিশুশিল্পী হিসেবে জনপ্রিয়তা পান। তবে গত বছরের শেষ দিকে তিনি হঠাৎ করেই বিনোদন জগৎ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।