দেশের মাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে ‘ওয়ান চাইল্ড ওয়ান ট্রি’ নামে বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে। আগামী ২৯ জুন সোমবার সকাল ১০টা ৫ মিনিটে কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কর্মসূচির আওতায় দেশের প্রতিটি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে একটি ফলদ, একটি বনজ এবং একটি ঔষধি গাছ রোপণ করা হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এ বিষয়ে শনিবার দেশের সব মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের কাছে নির্দেশনা পাঠিয়েছে।
মাউশি সূত্র জানিয়েছে, দেশের প্রায় ২৯ হাজার মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হবে। নির্দেশনায় বলা হয়েছে, বৃক্ষরোপণ কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেবেন। সরকারি ও বেসরকারি বিভিন্ন গণমাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে। পাশাপাশি ভিডিও কনফারেন্সের মাধ্যমে নির্বাচিত কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণকারীরা প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবেন।
কর্মসূচি সফল করতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে আগেভাগেই প্রয়োজনীয় প্রস্তুতি নিতে বলা হয়েছে। এ উপলক্ষে ক্যাম্পাসে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক ব্যানার ও ফেস্টুন টানানোর পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে র্যালির আয়োজনেরও নির্দেশনা দেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় সচেতনতা বাড়াতেই এই কর্মসূচির আয়োজন করা হচ্ছে।