মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার অধীন ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীদের প্রবেশপত্র (অ্যাডমিট কার্ড) বিতরণের সময়সূচি ঘোষণা করা হয়েছে। আগামী ১৫ জুন থেকে জেলা ও কেন্দ্রভিত্তিক পর্যায়ে প্রবেশপত্র বিতরণ কার্যক্রম শুরু হবে।
সোমবার (৮ জুন) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক জেসমিন তাসলিমা বানু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, টাঙ্গাইল, নরসিংদী, ফরিদপুর, রাজবাড়ী, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ ও মানিকগঞ্জ জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রবেশপত্র আগামী ১৫ জুন বিতরণ করা হবে। পরদিন ১৬ জুন ঢাকা মহানগর, ঢাকা জেলা, গাজীপুর, মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জ জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রবেশপত্র বিতরণ করা হবে।
বোর্ডের নির্দেশনা অনুযায়ী, সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজে অথবা তাঁর মনোনীত কোনো শিক্ষক (স্বাক্ষর সত্যায়িতসহ) অফিস চলাকালীন সময়ে কেন্দ্রের আওতাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশপত্র গ্রহণ করবেন। কোনো অবস্থাতেই শিক্ষক ছাড়া অন্য কাউকে প্রবেশপত্র গ্রহণের দায়িত্ব দেওয়া যাবে না।
এ ছাড়া কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা যদি সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ হন, তাহলে আবেদনপত্রে গভর্নিং বডির সভাপতি, জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিস্বাক্ষর থাকতে হবে। প্রবেশপত্র সংগ্রহের পর তিনি দ্রুত কেন্দ্রাধীন সব শিক্ষাপ্রতিষ্ঠানে তা বিতরণের ব্যবস্থা করবেন।
প্রবেশপত্র বিতরণের পাশাপাশি ত্রুটি সংশোধনের বিষয়েও নির্দেশনা দিয়েছে ঢাকা শিক্ষা বোর্ড। প্রবেশপত্র যাচাইয়ের পর কোনো ধরনের ভুল, তথ্যগত অসঙ্গতি কিংবা কম-বেশি পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানকে ১৮ থেকে ২৫ জুনের মধ্যে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক (উচ্চমাধ্যমিক)-এর কাছে নির্ধারিত ছকে আবেদন জমা দিয়ে তা সংশোধন করতে হবে।
বোর্ড সতর্ক করে জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে প্রবেশপত্রের ত্রুটি সংশোধন না করা হলে পরবর্তীতে পরীক্ষাসংক্রান্ত কোনো জটিলতা সৃষ্টি হলে তার দায় সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানপ্রধানকেই বহন করতে হবে।