২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। সোমবার (৮ জুন) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
শিক্ষামন্ত্রী বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশের সব কার্যক্রম সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।
এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল এবং লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। বর্তমানে ব্যবহারিক পরীক্ষা চলছে, যা আগামী ১৪ জুন পর্যন্ত চলবে।
এবার দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নেয় ১৮ লাখ ৫৭ হাজারের বেশি শিক্ষার্থী।
ফল প্রকাশকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতোমধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। নির্ধারিত দিনে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, এসএমএস এবং নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে ফল জানা যাবে।