রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে আজ রবিবার থেকে তিন দিন অফলাইন ও তিন দিন অনলাইনে ক্লাস চালু হয়েছে। শুধু কলেজ শাখায় অনলাইন–অফলাইন ক্লাস চলবে। গতকাল শনিবার কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাজেদা বেগম স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়েছে।
নোটিশে বলা হয়েছে, রবিবার (১২ এপ্রিল ২০২৬) থেকে তিন দিন অফলাইন (সশরীর) (শনি, সোম ও বুধবার) এবং তিন দিন অনলাইন (রবি, মঙ্গল ও বৃহস্পতিবার) ক্লাস কার্যক্রম চলবে।
নোটিশে বলা হয়, কলেজ শাখার শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, অনলাইন ক্লাসের রুটিন এবং ক্লাসে যুক্ত হওয়ার লিংক নিজ নিজ শ্রেণি শিক্ষকের মাধ্যমে ক্লাস গ্রুপে জানিয়ে দেওয়া হবে। সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো বলে নোটিশে বলা হয়।
রাজধানীতে বেইলি রোডে দেশের অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠানটির প্রধান শাখা। এ ছাড়া ধানমন্ডি, আজিমপুর ও বসুন্ধরায় তিনটি শাখা রয়েছে।
সম্প্রতি রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন ঘোষণা দেন জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে মিশ্র পদ্ধতিতে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।
কোন কোন শিক্ষাপ্রতিষ্ঠানে এ সিদ্ধান্ত বাস্তবায়ন হবে, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, যেসব প্রতিষ্ঠানের অনলাইনে ক্লাস পরিচালনার সক্ষমতা রয়েছে, বিশেষ করে সুপরিচিত ও অধিক শিক্ষার্থীসংখ্যার প্রতিষ্ঠানগুলোতে এ ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এটি কোনো কঠোর নিয়ম নয় বলেও তিনি উল্লেখ করেন।