২১ মে ২০২৬

দর্শন বিষয়ে পড়ে ক্যারিয়ার গড়তে চাও?

নুসাইবা রহমান
২৩ ডিসেম্বর ২০২৩, ০০:৪৯
দর্শন পৃথিবীর প্রাচীনতম বিষয়গুলোর একটি। প্রতীকী ছবি

দর্শন, নামটা শুনলেই মনের মধ্যে সক্রেটিস, প্লেটো, অ্যারিস্টটলসহ নানা দার্শনিকদের কথা মাথায় আসে, তাই না? দর্শন পৃথিবীর প্রাচীনতম বিষয়গুলোর একটি। একে সকল বিজ্ঞানের মা বলে অভিহিত করা হয়। তুমি যদি দর্শন বিষয়টি সম্পর্কে আগ্রহী হও এবং এই বিষয়ে পড়াশোনা করে ক্যারিয়ার গড়ার সুযোগ কেমন তা সম্পর্কে জানতে চাও, তবে এই লেখাটি তোমার জন্য।

দর্শন নিয়ে পড়াশোনার অন্যতম আকর্ষণীয় দিক হলো এটি জগৎ, জীবন, সমাজ, তার চেতনা এবং জ্ঞানের প্রক্রিয়া প্রভৃতি আলোচনা করে। দর্শনের শিক্ষার্থীরা গঠনমূলক আলোচনা করার সক্ষমতা অর্জন করে এবং যুক্তি গঠন ও জীবনে তা প্রয়োগের সক্ষমতা অর্জন করে, যার ফলে অন্যান্য মানুষ অপেক্ষা তারা অধিক দক্ষ হয়ে ওঠে। দর্শন বিষয়ে অন্যতম চর্চার বিষয় নীতিবিদ্যা হওয়ায় এটি মানুষকে নৈতিক মূল্যবোধসম্পন্ন করে গড়ে তোলে।

বাংলাদেশের প্রেক্ষাপটে মানবিক বিভাগের শিক্ষার্থীরা দর্শন সম্পর্কে পরিচিতি লাভ করে উচ্চমাধ্যমিক পর্যায়ে। তাছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কলা অনুষদভুক্ত বিষয় হিসেবে দর্শন অন্তর্ভুক্ত। ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, গুচ্ছভুক্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দর্শন পাঠের সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতক, স্নাতকোত্তর, পিএইচডি ও এমফিল প্রোগ্রামের জন্য দর্শন পড়ানো হয়ে থাকে।

দর্শন বিভাগে পাশ্চাত্য দর্শনের ইতিহাস (প্রাচীন, মধ্যযুগীয় ও আধুনিক), দর্শনের পরিচয়, ইংরেজি, যুক্তিবিদ্যা, নীতিবিদ্যা, মনোবিজ্ঞান, রাষ্ট্রদর্শন, অর্থনীতি, প্রতীকী যুক্তিবিদ্যা, নৃতত্ত্ব, সমাজবিজ্ঞান, মুসলিম দর্শন, ভারতীয় দর্শন, বাঙালি দর্শন, মনোদর্শন, শিক্ষা দর্শন, ধর্ম দর্শন, জ্ঞানতত্ত্ব, প্রাকৃতিক দর্শন, নন্দনতত্ত্ব ইত্যাদি বিষয় স্নাতক পর্যায়ে পড়ানো হয়ে থাকে।

পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে দর্শনের ওপর প্রচুর স্কলারশিপ দেওয়া হয়। প্রতীকী ছবি
 

তাছাড়া এ বিভাগের শিক্ষার্থীদের উচ্চশিক্ষার ক্ষেত্রেও বেশ সুযোগ রয়েছে। প্রতিবছর পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে দর্শনের ওপর প্রচুর স্কলারশিপ দেওয়া হয়। তাই দেশে ও বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে এ বিভাগের শিক্ষার্থীরা অনেক সুযোগ পেয়ে থাকে।

কোনও বিষয় সম্পর্কে জানার সবচেয়ে আকর্ষণীয় দিক হলো সেই বিষয়ে পড়াশোনার পর ক্যারিয়ার গড়ার ক্ষেত্র। অন্যান্য বিষয়ের মতো দর্শন বিভাগের শিক্ষার্থীদেরও কর্মক্ষেত্রে অনেক সুযোগ রয়েছে। এ বিভাগের শিক্ষার্থীদের টেকনিক্যাল ও নন-টেকনিক্যাল বিভিন্ন চাকরির সুযোগ রয়েছে। যেমন সরকারি ও বেসরকারি স্কুল-কলেজে শিক্ষকতা করা, পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা, বিসিএস ক্যাডার (শিক্ষা ক্যাডারে দর্শনের জন্য কোটা রয়েছে), নন-ক্যাডার, নীতিনির্ধারক, প্রশাসক, মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি, ইথিসিস্ট, উচ্চতর গবেষক হওয়া, সরকারি আমলা, ব্যাংক ও বিমা কোম্পানিতে চাকরি, প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি প্রভৃতি ক্ষেত্রে দর্শন বিভাগের শিক্ষার্থীদের সুযোগ রয়েছে।

দর্শন পড়ুয়া শিক্ষার্থীরা মূলত ক্রিটিকাল মাইন্ডেড হয়ে থাকে। জ্ঞানার্জনের প্রতি অসীম আগ্রহ থাকার কারণে তারা অনেক ক্ষেত্রেই নিজেদের দক্ষ প্রমাণ করতে সক্ষম। বর্তমানে দেশে ও বিদেশে দর্শন বিষয়ের ওপর আগ্রহী শিক্ষার্থীর সংখ্যাও বাড়ছে। তুমি যদি দর্শন বিভাগের শিক্ষার্থী হয়ে থাকো বা এ বিষয়ের প্রতি আগ্রহী হয়ে থাকো, তবে বিনা দ্বিধায় দর্শন নিয়ে তোমার মননচর্চা করতে পারো।

লেখক : শিক্ষার্থী, দর্শন বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

সর্বাধিক পঠিত